
মোঃ রুবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এক সফল অভিযান পরিচালনা করে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় একটি ট্রাকসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গত ২০ ডিসেম্বর শনিবার ভোর আনুমানিক ০৫টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হলে ট্রাকের ভেতর থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনকারী একজন ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
আশুগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এই মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। গোপন সূত্রে জানা যায়, এর পেছনে একটি বড় মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে ছিল।
এলাকাবাসী দ্রুত এসব অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গ্রেফতারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মোঃ চুটু আলীর পুত্র মোঃ আমিনুল ইসলাম ওরফে আমিন (২৫)।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।