
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:-
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহর শিবিরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা-খুলনা মোড় সংলগ্ন আসিফ চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শহর শিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান।
জানাজা শেষে ছাত্রশিবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিবিরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক সভাপতি জিয়াউর রহমান, সমন্বয়ক আরাফাত হোসেন, নাজমুল হোসেন রনি প্রমুখ।
প্রতিবাদ সভায় খোরশেদ আলম বলেন, ইতিহাস সাক্ষী—ফ্যাসিবাদীরা সবসময় গুপ্ত হত্যার পথ বেছে নেয়। যুগে যুগে যারা ফ্যাসিবাদ, জুলুম ও কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের হত্যার নীলনকশা করা হয়েছে। হাদীকেও সেভাবেই হত্যা করা হয়েছে। জুলাই আন্দোলনের পর অনেকেই নৈতিকতা বিসর্জন দিলেও আমাদের নেতা হাদী সর্বোচ্চ নৈতিকতার অবস্থান ধরে রেখেছিলেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদীকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।