
রিপন শান নিজস্ব প্রতিবেদক :-
নতুন দিনের নতুন বাংলাদেশ গড়তে হলে কবি ও শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে—এমন মন্তব্য করেছেন বক্তারা। তাঁদের মতে, একজন কবি ও একজন শিল্পী একটি দেশের সর্বোচ্চ উৎকর্ষিত মানুষ। এই মানুষগুলো ভালো থাকলে দেশ ভালো থাকবে, ভালো থাকবে দেশের সাধারণ জনগণও। যথাযথ মূল্যায়নের অভাবে অনেক প্রতিভা অকালে ঝরে যায়। পৃষ্ঠপোষকতা পেলে মরা গাঙেও জোয়ার আসে।
বাংলাদেশ একটি স্বভাবজাত কবিতাময় দেশ, শিল্প-সংস্কৃতির চিরন্তন চারণভূমি। বাংলাদেশের কবি ও শিল্পীরা যদি উপযুক্ত পৃষ্ঠপোষকতা পান, তবে তারা শুধু দেশ নয়—বিশ্বও জয় করতে সক্ষম হবেন। তারা প্রয়োজনে প্রাণ দেবে, কিন্তু মান দেবে না।
৯ জানুয়ারি ২০২৬ বিকেলে রাজধানীর পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উন্মুক্ত মঞ্চে প্রজন্ম একাডেমি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
প্রজন্ম একাডেমির সভাপতি কথাসাহিত্যিক, গবেষক ও কবি কালাম ফয়েজী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জননেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি দেশবরেণ্য কবি মোহন রায়হান, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন, এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান ও জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক কবি রিপন শান, বাংলাভিশনের সাংবাদিক সেকান্দার রিমন, আসাদুজ্জামান বাবুল প্রমুখ।
কবিতা পাঠ করেন কবি রোকসানা রহমান ও কবি প্রত্যয় জসীম। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী নাজমিন নাজু।
নবীন ও প্রবীণ কবি-শিল্পী-সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রজন্ম একাডেমির এই আয়োজন ছিল প্রাণবন্ত ও জমজমাট।