
শারমিন আরা | ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশে একটি লিচু গাছ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ–নলডাঙ্গা সড়কের মাঝামাঝি গুঞ্জনগর এলাকায় সড়কের পাশের একটি মাঠের মধ্যে লিচু গাছে মরদেহটি ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় তারা লিচু গাছে একজন পুরুষের মরদেহ ঝুলতে দেখতে পান। পরে বিষয়টি কালীগঞ্জ থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। তবে উদ্ধারকৃত মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।