
গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন কাশেমপুর জেলখানা গেটের সামনে আজ বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সভাপতি বাবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল, ইব্রাহিম সিটি ফাউন্ডেশন-এর জাহাঙ্গীর আলম, একতা সংঘের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহীনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শওকত হোসেন সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন—ধানের শীষ প্রতীক বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দেশের দরিদ্র মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা ব্যাংক ঋণ, সার, বীজসহ কৃষি খাতের প্রয়োজনীয় উপকরণ সহজে সংগ্রহ করতে পারবেন। এতে দেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
তিনি আরও বলেন, পূর্বে কৃষি খাতে নেওয়া সকল ঋণ পর্যায়ক্রমে মওকুফ করা হবে এবং বেকার যুবকদের জন্য সম্মানজনক ভাতা চালু করা হবে। এসব উদ্যোগ ঘরে ঘরে বাস্তবায়ন সম্ভব হবে শুধুমাত্র বিএনপি ক্ষমতায় এলে।
শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুর বিএনপির শক্ত ঘাঁটি। অতীতেও এখানে বিএনপি সর্বোচ্চ ভোট পেয়েছে। ৮ নম্বর ওয়ার্ডসহ গাজীপুরের মাটি ধানের শীষের ঘাঁটি হিসেবেই পরিচিত।” তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ফ্যামিলি কার্ডসহ দলের ঘোষিত কর্মসূচিগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরে সবাইকে ধানের শীষের ছায়াতলে ঐক্যবদ্ধ করতে।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা এলাকায় গণসংযোগ চালিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।