
মো. জাহাঙ্গীর আলম
কোটচাঁদপুর সংবাদদাতা (ঝিনাইদহ)
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য স্কুফ (ESKUF) সিরাপ, অবৈধ প্রাইভেটকার ও অন্যান্য সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার বলহর স্টেশন এলাকায় এক ব্যক্তি সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল। এ তথ্যের প্রেক্ষিতে সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে ক্যাপ্টেন নিরুপম আলী হাসানের নেতৃত্বে ঝিনাইদহ কোটচাঁদপুর বলহর প্রজেক্ট আর্মি ক্যাম্প (৩১ এসটি) থেকে একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বলহর স্টেশন এলাকা থেকে মাদকদ্রব্য স্কুফ (ESKUF) সিরাপের ২ বোতল, একটি স্টিকলাঠি, অবৈধ গাড়ির ৩টি নাম্বার প্লেট এবং একটি অবৈধ প্রাইভেটকার জব্দ করা হয়। এ সময় মো. নুর মোহাম্মদ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. নুর মোহাম্মদ, পিতা—মো. ইউসুফ। তিনি কোটচাঁদপুর পৌরসভার গাবতলি গ্রামের বাসিন্দা। থানা—কোটচাঁদপুর, জেলা—ঝিনাইদহ।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি, জব্দকৃত মাদকদ্রব্য, অবৈধ প্রাইভেটকার ও অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা সেনাবাহিনীর এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।