
মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে কাদা মাটিতে পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামের মাঠে স্থানীয়দের উদ্যোগে এই রোমাঞ্চকর প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা চালকরা তাদের নিজ নিজ পাওয়ার টিলার নিয়ে অংশগ্রহণ করেন। কাদা ও পানিতে ভরা মাঠে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গিয়ে চালকদের দক্ষতা, সাহস ও যান্ত্রিক নিয়ন্ত্রণের কঠিন পরীক্ষা দিতে দেখা যায়। কর্দমাক্ত মাঠে পাওয়ার টিলারের চাকা যখন দ্রুতবেগে ছুটছিল, তখন মাঠের চারপাশ দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, আধুনিকতার ভিড়ে গ্রামবাংলার লোকজ সংস্কৃতিগুলো আজ হারিয়ে যেতে বসেছে। মূলত নতুন প্রজন্মের কাছে কৃষিভিত্তিক যন্ত্রের সঙ্গে মানুষের ঐতিহ্যবাহী সম্পর্কের মেলবন্ধন তুলে ধরতেই এই আয়োজন। প্রতিযোগিতায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল দেখার মতো।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি চর্চার পাশাপাশি তরুণ প্রজন্মকে কৃষি ও মাটির কাছাকাছি নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার মানুষের এই অভূতপূর্ব সাড়া দেখে তারা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ব্যতিক্রমধর্মী গ্রামীণ উৎসব আয়োজন করার পরিকল্পনা করছেন।