

শারমিন আরা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। কর্মশালায় ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন এবং জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রউফ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবি)-এর প্রশিক্ষক খাজা মাঈন উদ্দিন এবং ট্রেনিং কো-অর্ডিনেটর সাহানোয়ার সাইদ শাহীন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।
কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকদের করণীয় বিষয় হিসেবে নির্বাচনী আচরণবিধি মেনে রিপোর্টিং, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য পরিহার, উস্কানিমূলক বা পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ থেকে বিরত থাকা, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের সমান গুরুত্ব প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দায়িত্বশীল প্রতিবেদন উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও নির্বাচন রিপোর্টিংয়ের ধরন ও প্রক্রিয়া, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সচেতনতা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে।