
মোঃ মিজানুর সরকার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :-
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন গ্রহণ করেছে ব্যাপক ও কঠোর নিরাপত্তা প্রস্তুতি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সকল ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের সার্বিক কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছে একটি কন্ট্রোল রুম, যেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং করবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটগ্রহণের দিন যেন কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে কেন্দ্রগুলোর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য করে তুলবে।
এদিকে উপজেলা প্রশাসন ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় ভূঞাপুর উপজেলায় একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।