
ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার:- কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স স্কোয়াড ও নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট অংশ নেয়। অভিযানে টেকনাফ থানার পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।
অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত লম্বা মিজানের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
তিনটি পিস্তল, ভিন্ন মডেলের ৯ রাউন্ড লাইভ অ্যামুনিশন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, দুটি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
নৌবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী আরও জানায়, উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।