
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভাঙ্গামোড় এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভাঙ্গামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় ভাঙ্গামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিনহাজুল আবেদীন বলেন, একজন শিশুর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীকে চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
স্থানীয় ইউপি সদস্য আলম খান বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জোড়ালো দাবি জানান তিনি।
মানববন্ধনে আরও কয়েকজন বক্তা একই দাবিতে বক্তব্য দেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন।
থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং প্রকৃত অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।