
সোহেল রানা | স্টাফ রিপোর্টার :
নওগাঁ জেলার পোরশা উপজেলার নোচনাহার বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টার ঘটনা ধরা পড়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সম্পূর্ণ মাংস জব্দ করা হয়েছে।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, তিনি রাজশাহীতে নির্বাচনসংক্রান্ত একটি বিভাগীয় সভায় যোগ দিতে যাওয়ার পথে নোচনাহার বাজারে এক মাংস ব্যবসায়ী মজিবরের দোকানে অসুস্থ গরুর মাংস স্বল্প দামে বিক্রির প্রস্তুতির খবর পান। সময় স্বল্পতার কারণে সভায় যাওয়ার পথে তিনি নওহাটা হয়ে নোচনাহার বাজারে যান।
পথিমধ্যে তিনি প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে একজন কর্মকর্তা ঘটনাস্থলে পাঠানো হয়। বাজারে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সংশ্লিষ্ট মাংস ব্যবসায়ী মজিবর রহমান জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, যেই গরুর মাংস স্বল্প দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেই গরুটি অসুস্থ ছিল।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা গরুর লিভার পরীক্ষা করে মাংস মানবভোগের জন্য অনুপযোগী ঘোষণা করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সম্পূর্ণ মাংস জব্দ করা হয় এবং অভিযুক্ত মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।