
মোঃ-জিয়াউর রহমান,ভোলা জেলা বিশেষ প্রতিনিধি :
ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ভারত শেখ হাসিনাকে টানা ১৬ বছর ক্ষমতায় রেখেছে।
ক্ষমতা থেকে পতনের পর আবারও তারা তাকে তার মাসির দেশে আশ্রয় দিয়েছে। ভারত আমাদের গোলাম করে রাখতে চায়। তবে আমরা খেয়ে থাকি বা না খেয়ে থাকি—ভারতের গোলামি কখনোই করবো না।
তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দক্ষিণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণকে নিয়ে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা প্রায় ১৫ বছর দেশ শাসন করেছেন। তার এসব অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতো, তাদের ‘আয়নাঘর’-এ বন্দি করা হতো। সেই আয়নাঘরে শত শত মানুষের জীবন শেষ হয়েছে এবং সেখানে চালানো হতো অমানবিক নির্যাতন।
তিনি বলেন, আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আমি আপনাদের একটি সুন্দর ও সন্ত্রাসমুক্ত দেশ উপহার দেব। আমাকে নির্বাচিত করলে দেশ হবে গর্বের ও শান্তির।
তিনি আরও বলেন, হ্যাঁ-না ভোটের কোনো আইনি ভিত্তি নেই। বিএনপির এতে আপত্তি ছিল। তবে নির্বাচন সঠিকভাবে না হওয়ার শঙ্কায় অনিচ্ছা সত্ত্বেও বিএনপি এতে সম্মতি দিয়েছে। নির্বাচনের পর বিষয়টি পুনরায় বিশ্লেষণ করে দেখা হবে।
বদরপুর ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি মো. মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহ হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।