
মোঃ সুজন আহাম্মেদ
সিনিয়র স্টাফ রিপোর্টার :–
বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষ নিরাপদে থাকবে। বিএনপির হাতেই এ দেশ নিরাপদ—এমন মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) পড়ন্ত বিকেলে রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি একটি জনপ্রিয় দল হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এ দেশের মেহনতি মানুষের উন্নয়নে বিএনপিকে বিপুল পরিমাণ ভোট দেবে—ইনশাল্লাহ। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের পক্ষে হ্যাঁ বলতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
মেজর শরীফ উদ্দিন জানান, ১৭ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ এবং প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। এসব কার্ডধারী প্রত্যেক ব্যক্তি প্রতি মাসে নগদ অর্থ পাবেন এবং কৃষকরা বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন। এই কার্ডের মেয়াদ থাকবে পাঁচ বছর।
এছাড়াও তিনি নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।
তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন।
তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় জনসভায় আরও উপস্থিত ছিলেন—তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরঞ্জাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিনুল হক মমিন এবং বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত জনসভায় তানোর উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী এবং কয়েক হাজার সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।