
মোঃ জিয়াউর রহমান ভোলা বিশেষ প্রতিনিধি :-
ভোলা-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম–এর পক্ষে উপজেলা মহিলা নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা মহাজন বাড়িতে—মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমের নানাবাড়িতে—একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা মহিলা সভানেত্রী ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক বিবি মরিয়ম, সভানেত্রী মোরশেদা বেগম, ধলীগৌরনগর ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসু মিয়া, সাধারণ সম্পাদক বাবলু মহাজন, বিএনপি নেতা হাবিব উল্লাহ হাবিব মিয়া, আলহাজ্ব আব্দুর রশিদ (সাবেক ইউপি সদস্য), সাবেক ছাত্রনেতা তামিম মহাজনসহ স্থানীয় মহিলা নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ছালেহা বেগম বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁর সততা, নেতৃত্বগুণ এবং এলাকার উন্নয়নে অতীত অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে মহিলা নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, মাননীয় তারেক রহমান ক্ষমতায় এলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড প্রদানসহ জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন নির্বাচিত হলে ভোলা-৩ আসনের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
ধলীগৌরনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু মহাজন বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট নিজে প্রদান করার আহ্বান জানান এবং যোগ্য প্রার্থী বেছে নেওয়ার অনুরোধ করেন।
শেষে বক্তারা সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে উঠান বৈঠক সমাপ্ত করেন।