
মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা):
সরকার কর্তৃক ঘোষিত বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা ও লালমোহন উপজেলায় সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
গত রবিবার থেকে তারা প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে আসছেন। কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি দপ্তর ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কর্মচারীদের অভিযোগ, গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘ ১৫ বছরে কোনো পে-স্কেলের গেজেট প্রকাশ করা হয়নি। এ সময় সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বারবার তালবাহানা করা হয়েছে বলে তারা দাবি করেন।
আজ সোমবার কর্মবিরতির পাশাপাশি লালমোহন উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ভোলা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।