
মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শহীদ ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ ডিসেম্বর শৈলকুপা উপজেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শৈলকুপা বিএনপির নেতা বাবু জয়ন্ত কুন্ডু।
দোয়া মাহফিলে প্রধান আলোচনায় বক্তারা শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ স্মরণ করে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদদের অবদান ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। তারা শহীদ ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান।
এ সময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা অপরিসীম। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আবার দেশ ও জাতির সেবায় ফিরিয়ে দেন—এই কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে শৈলকুপা উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।