
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) কলারোয়া উপজেলার কাজীরহাট বাজার প্রাঙ্গণে এলাকার সর্বস্তরের জনগণের সাথে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অনলাইন জুয়া, মাদকদ্রব্যের অপব্যবহার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, (বিপিএম)।
এসময় পুলিশ সুপার আরেফিন জুয়েল তাঁর বক্তব্যে বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে, যা অপরাধমুক্ত, মানবিক ও নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সন্দেহজনক বিষয় সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এসএম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, এইচ এম শাহীন, ডিআইও-১, (ডিএসবি), এসএম আব্দুল আলীমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।