
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার:-
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নৌ-পরিবহন অধিদপ্তরের অধীন সাতটি কোস্টাল রেডিও স্টেশন ও একটি লাইট হাউজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব স্থাপনার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশের সাতটি উপকূলীয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা একযোগে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
সেন্টমার্টিন প্রান্ত থেকে উদ্বোধনী কার্যক্রমে যুক্ত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিম। এ সময় উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কোস্টাল রেডিও স্টেশন ও লাইট হাউজ স্থাপনের ফলে উপকূলীয় এলাকায় নৌযান চলাচল আরও নিরাপদ হবে। বিশেষ করে বৈরী আবহাওয়া ও দুর্যোগকালীন সময়ে জেলে ও নৌযান চালকদের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন সহজ হবে। একই সঙ্গে সমুদ্রপথে চলাচলকারী পর্যটকবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিত হবে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আধুনিক ও নিরাপদ সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের নৌ-পরিবহন খাতকে আরও শক্তিশালী করা হচ্ছে। উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও সম্পদ রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিনসহ উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে।