
মাওলানা মো. নেছার উদ্দিন, স্টাফ রিপোর্টার
বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া হুসাইনপুর খানকাস্থ ছালেহিয়া কমপ্লেক্স মাঠে প্রতি বছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার শুরু হওয়া এ মাহফিল শুক্রবার জুমার নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
মাহফিলের শেষ দিনে জুমার নামাজ শেষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন। আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন।
মাহফিলটি আয়োজন করা হয় ছারছিনা শরীফের কুতুবুল আলম আল্লামা শাহসূফী নেছারুদ্দীন আহমদ (রহ.)-এর ৭৪তম, মুজাদ্দেদে যামান শাহসূফী হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.)-এর ৩৬তম এবং বাহরে শরীয়ত শাহসূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর ২য় ইন্তেকালবার্ষিকী উপলক্ষে।
তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব জিকিরের তা’লিম পরিচালনা করেন পীর সাহেব কেবলা। পাশাপাশি সফরসঙ্গী ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা ও তাফসিরুল কুরআনের বয়ান পেশ করেন।
আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়ায় ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আমড়াগাছিয়া মাঠ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি শাহ আবু বকর মোহাম্মদ নেছার উল্লাহসহ বিভিন্ন আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
মাহফিলে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা বুধবার সকাল থেকেই মাঠে সমবেত হন। আখেরি মোনাজাত শেষে শুক্রবার তারা নিজ নিজ গন্তব্যে ফিরে যান। মাহফিলে অংশগ্রহণকারীদের যাতায়াতে হোন্ডা, অটোরিকশা, টেম্পু, বাস, মিনিট্রাক ও টমটমসহ বিভিন্ন যানবাহনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
তিন দিনব্যাপী তাফসিরুল কুরআনের আলোকে আয়োজিত এ মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হওয়ায় আয়োজক ও মুসল্লিদের মাঝে সন্তোষ প্রকাশ পায়।