
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বাধীন বিরোধীদলীয় ১১ দলীয় জোট।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জোটের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। রাত ১২টা ১০ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ড. শফিকুর রহমান।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন জামায়াত আমিরসহ ১১ দলের সংসদ সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দিবসটির তাৎপর্য গভীরভাবে স্মরণ করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বিকাশের প্রত্যয়ে দিনটি উদযাপিত হচ্ছে।