
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে ১৭৪ বোতল অ্যালকোহলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ২টা ০০ মিনিটে কোটচাঁদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কনস্টেবল মোঃ আব্দুর রশিদ, মোঃ কামরুল হাসান, মামুনুর রশিদ ও রিগান হোসেন।
অভিযান চলাকালে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আদর্শপাড়া এলাকার সোনালী হোমিও হলের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন তালসার রোডস্থ চেম্বারে অভিযান চালানো হয়। সেখানে রাখা একটি বড় কার্টনের ভেতর থেকে ১৭৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলি অ্যালকোহল লেভেল উল্লেখ ছিল। উদ্ধারকৃত অ্যালকোহলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ হাজার টাকা।
এ ঘটনায় চেম্বারের মালিক মোঃ আমিরুল ইসলাম (৫৯), পিতা—আয়নাল হক, সাং—আদর্শপাড়া, কোটচাঁদপুর পৌরসভা, থানা—কোটচাঁদপুর, জেলা—ঝিনাইদহকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে কোটচাঁদপুর থানায় মামলা নং-০১, তারিখ-০৫/০২/২৬ ইং, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।