
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা (ঝিনাইদহ):
“হাসি মুখে রক্তদান, বাঁচাতে পারে লক্ষ প্রাণ” এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক‘এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ সাব্বির আহমেদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে হাফেজ মোঃ রুহুল আমিন ব্লাড ব্যাংকের নিজস্ব সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সভাপতি মিলন আহমেদ, এবং সঞ্চালনা করেন আব্দুল আলিম। প্রধান আলোচকরা রক্তদানের গুরুত্ব, স্বেচ্ছাসেবার মানবিক মূল্যবোধ এবং সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “রক্তদান কোনো দয়া নয়, এটি মানবতার দায়িত্ব। একজন সুস্থ মানুষের সামান্য সময় ও সদিচ্ছা একজন মুমূর্ষু রোগীর জীবনে নতুন সূর্যোদয় এনে দিতে পারে।” তারা আরও উল্লেখ করেন, কোটচাঁদপুর ব্লাড ব্যাংক ইতোমধ্যে অসংখ্য অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের পরিচালক ওমর ফারুক, পরিচালনা পরিষদের সদস্য আলমগীর হোসেন ও মশিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কোটচাঁদপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ইসাহাক আলী, সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল আলম, প্রভাষক মাহবুব আলম, সিনিয়র শিক্ষক মশিয়ার রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম এবং রাকিব হোসেনসহ সংস্থার শুভাকাঙ্ক্ষী ও নির্বাহী বিভাগের সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বক্তারা ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে রক্তদাতা নেটওয়ার্ক সম্প্রসারণ এবং তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, মানবতার সেবায় এমন উদ্যোগ কোটচাঁদপুরে সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।