
নুরউদ্দিন খাঁন সোহাগ
ষ্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ আলোচিত ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।
রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে তিনজন কে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতরা হলেন – ইলিয়াস সরদার (৪২), পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার বাসিন্দা; সুজন (৩৮), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা; এবং নান্না বেপারি (৫৭), বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারি পাড়ার বাসিন্দা।
র্যাব জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেফতারকৃতদের পুলিশ ক্লিয়ারেন্স (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ছাড়াও পিরোজপুর ও বরগুনা জেলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-৬ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। মামলা শেষে উদ্ধার করা আলামতসহ তাদেরকে খুলনা মহানগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হবে।