
খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী
গণঅধিকার পরিষদের আয়োজনে গলাচিপা নতুন উপজেলা পরিষদ সম্প্রসারণ ভবন মাঠে সর্বসাধারণের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ ইফতার মাহফিলে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর তার দলের আয়োজনে সাধারণ মানুষের সাথে ইফতারে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর গলাচিপা-দশমিনার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার মানুষের আস্থা ও সমর্থনের প্রতিদান দিতে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন। তিনি শ্রম ও কর্মসংস্থান খাতে নতুন উদ্যোগ গ্রহণ, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রবাসী কর্মীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি প্রবাসগামীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।