
খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো নিজ এলাকায় রাষ্ট্রীয় সফরে এসে উষ্ণ অভ্যর্থনা পেলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপির সমর্থন নিয়ে তার দলীয় প্রতীক ‘ট্রাক’ মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ব্যবধানে বিজয় অর্জন করেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম গলাচিপায় শুভাগমন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে গলাচিপা পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরাতন উপজেলা পরিষদ ভবনের সামনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। সশস্ত্র পুলিশ বাহিনীর একটি চৌকস দল আনুষ্ঠানিক সালাম প্রদর্শন করে প্রতিমন্ত্রীকে সম্মান জানায়। এ সময় পুরো প্রাঙ্গণে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গার্ড অব অনার গ্রহণ শেষে প্রতিমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জনগণের বিপুল সমর্থন ও ভালোবাসাই তার শক্তি। তিনি শ্রমজীবী মানুষ ও প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি গলাচিপা-দশমিনা এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
তার আগমনকে ঘিরে উপজেলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
স্থানীয়দের মতে, নিজ এলাকার সন্তান হিসেবে নুরুল হক নুরের এই রাষ্ট্রীয় মর্যাদা প্রাপ্তি গলাচিপাবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা করছেন, তার নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।