আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
জেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। খোকন মুন্সির বাড়ি থেকে ফকির বাড়ি হয়ে কড়ইতলা মোড় পর্যন্ত সংযোগ সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ ও ভাঙাচোরা অংশ রয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ছোট ছোট জলাশয়ের সৃষ্টি হয়। এতে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং জরুরি সেবার যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী , গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের কাছে দ্রুত সড়কটি পাকা করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। পাশাপাশি পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেবে।