
মোঃ পারভেজ, কালীগঞ্জ ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫ তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন করে। দিবসটি উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেল ৫টার সময় নলডাঙ্গা রোডস্থ দলীয় কার্যলয় সংলগ্ন মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য প্রবীণ নেতা লিয়াকত আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং নিজে রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। এই দেশ এবং দেশের মানুষের জন্য উনার ত্যাগ বলে শেষ করা যাবে না। উনি যদি আর কিছু দিন এই দেশ পরিচালনার সুযোগ পেতেন তাহলে আজ আমাদের দেশের মানুষের অন্য দেশে কাজ করতে যেতে হতো না, বরং অন্য দেশের মানুষ আমাদের দেশে এসে কাজ করে তাদের দেশে রেমিট্যান্স পাঠাতো।
ফিরোজ আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো আমরা ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
আমাদের রাজনীতির জন্ম হয়েছে বিএনপির পতাকা তলে এবং মৃত্যুও হবে বিএনপির পতাকা তলে ইনশাআল্লাহ।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং উপস্থিত সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির
সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কমিশনার মোশারফ হোসেন ও ওহেদ লস্করসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।