
মো. মিল্টন হোসেন
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ :–
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেংরাখালির মাঠে একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের বাসিন্দা এবং মোক্তার আলীর ছেলে। তার আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম উদ্দিন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়।
সারাদিন অনুসন্ধানের পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের উদ্বেগ আরও বাড়তে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে টেংরাখালির মাঠের একটি ভুট্টাক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের প্রতিবেশী জহিরুল ইসলাম জহির জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন ছিল এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। তার ধারণা, জসিম উদ্দিনকে প্রথমে পিটিয়ে আহত করা হয় এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ও নানা ধরনের সন্দেহ সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন,
“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের শনাক্তে তদন্ত জোরদার করা হবে।
হঠাৎ এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় দৌলতপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।