
মোঃ মিল্টন হোসেন, বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:
ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
মঙ্গলবার (২ জুন) দুপুরে শহরের শের-ই-বাংলা সড়কে ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখার সামনে “সচেতন গ্রাহক” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ পাঁচ শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা বজায় রাখা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক সালফী আব্দুর রহমান, সদস্য সচিব আব্দুল মোমেন, জিয়াউল ইসলাম খান, মাহাবুবুর রহমান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আলতাফ হোসেন, নূরজাহান সাত্তার, ইয়াসমিন আরা, রিজিয়া বেগম ও ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাবুবুর রহমান।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অন্যতম। দীর্ঘদিন ধরে লাখো গ্রাহক ব্যাংকটির প্রতি আস্থা রেখে তাদের কষ্টার্জিত অর্থ জমা রেখেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে তারা অভিযোগ করেন।
তাদের দাবি, ইসলামী ব্যাংকিং কার্যক্রমে কোনো ধরনের পরিবর্তন বা হস্তক্ষেপ গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। এতে ব্যাংকটির প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি এবং লাখো গ্রাহকের আমানত ঝুঁকির মুখে পড়তে পারে।
বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা, শরিয়াহভিত্তিক পরিচালনা অব্যাহত রাখা এবং গ্রাহকদের আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বলেন, গ্রাহকদের স্বার্থ ও ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষায় প্রয়োজন হলে ভবিষ্যতেও তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।