মোঃ রবিউল হাসান
স্টাফ রিপোর্টার:
রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত অভিনব প্রতারণা কৌশল ব্যবহার করে সাধারণ মানুষের অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া একটি চক্রের কয়েক সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি আশকোনা উচ্চারটেক মোড়সহ আশপাশের ব্যস্ত এলাকায় সক্রিয় ছিল। প্রতারকরা কখনও মুদি দোকান, কখনও ওষুধের দোকান কিংবা পথচারীদের কাছে গিয়ে টাকা ভাঙানো বা ঠিকানা জিজ্ঞাসার অজুহাতে কথোপকথনে জড়িয়ে পড়ত। একপর্যায়ে কৌশলে ভুক্তভোগীকে বিভ্রান্ত বা অচেতন করে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে দ্রুত পালিয়ে যেত।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, একটি মুদি দোকান থেকে প্রায় ২৮ হাজার টাকা, একটি ওষুধের দোকান থেকে নগদ অর্থ এবং এক সবজি বিক্রেতার কানের দুল কৌশলে হাতিয়ে নেওয়া হয়।
সর্বশেষ গত ২ মার্চ ২০২৬ (সোমবার) রাত আনুমানিক ১১টার দিকে একই কায়দায় একটি চায়ের দোকান থেকে ১০ হাজার টাকা নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সন্দেহ হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ধাওয়া দিয়ে চক্রের সদস্যদের আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের প্রতারণার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।
ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সম্প্রতি এ ধরনের প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত তদন্তের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।