
নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়া ও চীনে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে শেষ করে দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৭ জুন) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে গিয়ে তিনি তাঁর বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র সূরা ফাতিহা তিলাওয়াত করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পারিবারিক মূল্যবোধ, শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতার এক অনন্য দৃষ্টান্তও স্থাপন করেন তিনি।