মোঃ রাসেল শেখ, ব্যুরো প্রধান, নাটোর
নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌর বাজারে শনিবার (২৮ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন এই অভিযান পরিচালনা করেন। অভিযানটি বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সম্পন্ন হয়।
অভিযান চলাকালে পৌর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। মমতাজ স্টোর নামের একটি মুদিখানা দোকানে পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সরকার ফার্মেসিতে অবৈধ ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার পাশাপাশি ড্রাগ লাইসেন্স না থাকায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
সবমিলিয়ে অভিযানে মোট ৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
অভিযানকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে বাজারে ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ সুরক্ষিত হয়।