
মোঃ-তাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধারাবাহিক গণসংযোগ কর্মসূচি পালন করছেন।
এরই ধারাবাহিকতায় গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি বগুড়া জেলার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান করেন। জনসভা শেষে তিনি বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করেন।
পরদিন ৩০ জানুয়ারি তিনি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সমাবেশ শেষে একই দিন তিনি পুনরায় বগুড়ায় ফিরে এসে হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করেন।
পরবর্তীতে শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, সকাল ১১টায় তিনি বগুড়া হোটেল নাজ গার্ডেনে বগুড়া-৬ আসনের বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
এদিন ঢাকায় ফেরার পথে তিনি বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ে অল্প সময়ের জন্য একটি সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণ করেন। পথসভায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের গণমানুষের নেতা, বিএনপি মনোনীত প্রার্থী ও বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক পৌর মেয়র, শেরপুর–ধুনট এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ জানে আলম খোকা।
পথসভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পথসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিএনপি নেতারা জানান, তারেক রহমানের এই সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে।