
ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি:
আগামী ১২ জুন ২০২৬ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে পাবনার আটঘরিয়া উপজেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের হাওয়া। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরকে ঘিরে ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিভিন্ন গ্রামের সড়ক, মোড়, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নানা দেশের ফুটবল দলের পতাকা টানিয়ে ও ঝুলিয়ে সাজিয়ে তুলেছেন সমর্থকেরা।
এরই ধারাবাহিকতায় উপজেলার চাঁদভা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সোহান, মুরাদ, স্বাধীন, মুন্নাসহ প্রায় ২৫ জন তরুণের উদ্যোগে ১২০ গজ দৈর্ঘ্যের বিশাল আর্জেন্টিনার পতাকা টানানো হয়েছে। দীর্ঘ এই পতাকাটি দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় ফুটবলপ্রেমী ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স ও পর্তুগালসহ জনপ্রিয় দলগুলোর রঙিন পতাকায় ছেয়ে গেছে সড়কের দুই পাশ। কোথাও বাঁশের খুঁটি ব্যবহার করে, আবার কোথাও গাছের সঙ্গে বেঁধে সারিবদ্ধভাবে পতাকা টানানো হয়েছে। এতে পুরো এলাকায় বিশ্বকাপের আবহ তৈরি হয়েছে।
পতাকা টানানোর উদ্যোগে নেতৃত্ব দেওয়া সোহান বলেন, “ফুটবল আমাদের আবেগের জায়গা। বিশ্বকাপ এলেই আমরা নতুন করে উৎসাহ পাই। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই বন্ধুদের নিয়ে এই পতাকা টানিয়েছি। এটি এলাকার মানুষের মধ্যেও আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে।”
মুরাদ বলেন, “আমরা চাই বিশ্বকাপকে কেন্দ্র করে এলাকার তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকুক। খেলা হোক আনন্দের, প্রতিদ্বন্দ্বিতা হোক শুধুই মাঠে। আমাদের এই আয়োজন সেই বার্তাই বহন করছে।”
স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, “তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা নিজেদের অর্থায়ন ও পরিশ্রমে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে। এতে শিশু-কিশোরদের মধ্যেও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে।”
বরুণ বলেন, “বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন দলের সমর্থকরা আনন্দের সঙ্গে নিজেদের দলকে সমর্থন করছেন। এটি সামাজিক সম্প্রীতিকেও আরও শক্তিশালী করছে।”
ইদ্রিস আলী বলেন, “এ ধরনের আয়োজন গ্রামীণ জনপদে বাড়তি প্রাণচাঞ্চল্য এনে দেয়। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই খেলাধুলার প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে।”
এদিকে বিভিন্ন চায়ের দোকান, বাজার ও আড্ডাস্থলে ইতোমধ্যে শুরু হয়েছে বিশ্বকাপ নিয়ে আলোচনা। কোন দল শিরোপা জিতবে, কে হবে সেরা খেলোয়াড়—এসব বিষয় নিয়ে চলছে প্রাণবন্ত তর্ক-বিতর্ক।
স্থানীয় সচেতন মহল মনে করেন, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এমন আয়োজন মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। বিশ্বকাপের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ফুটবল জ্বরে আক্রান্ত হচ্ছে আটঘরিয়ার ক্রীড়াপ্রেমীরা। নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে বিশ্বকাপের অপেক্ষা।