
দৈনিক মাতৃজগত ডিজিটাল রিপোর্ট:–
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সাময়িকভাবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ এবং ব্যারিস্টার কায়সার কামালের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি জানানো হয়।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্যও শপথ নিয়েছি। একইভাবে ডেপুটি স্পিকার শপথ নেওয়ার সময়ও শপথের অংশ হিসেবে উল্লেখ থাকে—কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছিল। তবে আজ দুপুরে এসে জানতে পারলাম, বিষয়টি সত্য। তিনি শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। আমি তাঁর মঙ্গল, সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করি। আমার বিশ্বাস, তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সব সময় সমর্থন ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন। আমি তাঁর সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করছি।”