
মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি, ভোলা:
ভোলা জেলার চরফ্যাশন থানার রসুলপুর ইউনিয়নে রাতের আঁধারে মো. ভুট্টো (৫০) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডটি মাদক বিরোধের জের হতে পারে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কলের হাট রাস্তার মাথা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. ভুট্টো ওই এলাকার বাসিন্দা এবং মো. আক্তারুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাত ভুট্টো তার বাড়ির সামনের রাস্তায় একা অবস্থান করছিলেন। হঠাৎ করে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চিৎকার শুনে পরিবারের সদস্য এবং স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কারবার সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের নামে মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এলাকার উপর নজরদারি রাখছে।