
মো. জিয়াউর রহমান
জেলা বিশেষ প্রতিনিধি, ভোলা
ভোলা জেলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও হাটবাজারে মদ, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল এবং জুয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ মাদক ও জুয়া কার্যক্রম চললেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী একটি চক্রের আশ্রয়ে এসব অপরাধচক্র সহজেই আইনের ফাঁক গলে পার পেয়ে যেত। সরকার পরিবর্তনের পরও বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশেষ করে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে মদ, ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের সরবরাহ ও ব্যবহার মারাত্মক আকার ধারণ করেছে। এর প্রভাব পড়ছে যুবসমাজের ওপর। নেশাগ্রস্ত হয়ে পড়ছে অনেক তরুণ, ফলে সামাজিক অবক্ষয় বাড়ছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।
সচেতন মহলের মতে, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন যদি কঠোর নজরদারি জোরদার করে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনে, তাহলে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
এ বিষয়ে স্থানীয় জনগণ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।