নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, তিনি মন্ত্রী হিসেবে নয়, বরং সবার সহকর্মী হয়ে কাজ করতে চান। সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগ থাকলে ফরিদপুরকে একটি সুন্দর ও উন্নত জেলায় পরিণত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো সমস্যা বা প্রতিবন্ধকতা হলে তা যেন সরাসরি তাকে অবহিত করা হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি জানান।
রমজান মাসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে রোজা ও ঈদ উদ্যাপন করতে পারে—সেদিকে বিশেষ নজর দিতে হবে।
শামা ওবায়েদ বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামনে নতুন প্রত্যাশার দিগন্ত উন্মোচন করেছেন। নানা সংগ্রামের পর গঠিত এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই।
মাদক সমস্যার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, মাদকাসক্তদের অনেকেই ভুক্তভোগী; তবে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো অপরাধীকে দলীয় পরিচয়ের কারণে ছাড় দেওয়া যাবে না। কেউ যদি দোষী হয়—সে বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত যে দলেরই হোক না কেন—তাকে আইনের আওতায় আনতে হবে। এটিই সরকারের অবস্থান। নিরপেক্ষভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।
অবকাঠামো ও স্বাস্থ্যখাতের সমস্যার বিষয়ে তিনি বলেন, এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে সরকার অবগত রয়েছে। ভাঙা সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এবং গ্রামীণ সড়কের মানোন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সভা শেষে প্রতিমন্ত্রী জানান, সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত মন্ত্রণালয়ে জানাতে কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান, যাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়।