
এম এ মজিদ, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি এবং আলোর সন্ধানে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, আলোর সন্ধানে প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা ও SWID Bangladesh মান্দা শাখার প্রতিষ্ঠাতা সোহেল রানা স্ট্রোকজনিত কারণে Rajshahi-তে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ মার্চ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোহেল রানা আলোর সন্ধানে অটিস্টিক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত ছিলেন।
সমাজের প্রতিবন্ধী মানুষের উন্নয়ন ও কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকালের অনুষ্ঠানে সোহেল রানার প্রাণবন্ত উপস্থিতি সকলের নজর কেড়েছিল। গত বছরের মহান বিজয় দিবস এবং চলতি বছরের মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন।
ওই পোস্টে তিনি আরও জানান, তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর সঙ্গে গভীর শোক প্রকাশ করছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন।