
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিতে সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে বাজারের চাল, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, সবজি, কলা, ফল, খেজুরের দোকানসহ বিভিন্ন মুদি দোকান পরিদর্শন করা হয়। এ সময় বেশ কিছু দোকানে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, পাইকারি ও খুচরা দামের মধ্যে অসংগতি এবং ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়।
এ সকল অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন। অভিযান চলাকালে ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন করা হয়।