
হাসান তারেক,
সিনিয়র রিপোর্টার:-
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজি ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে লোহাগাড়ার আধুনগর বাসস্টেশনের উত্তর পাশে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
নিহত সিএনজি চালক অনিক বড়ুয়া (৩৭)। তার বাড়ি উপজেলার আধুনগর মছদিয়া গ্রামে। চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।
আহতরা হলেন—উপজেলার আধুনগর ৭ নম্বর ওয়ার্ডের নয়া পাড়া গ্রামের একই পরিবারের কামরুল হুদার স্ত্রী কানিজ ফাতিমা (৪২), তাদের শিশু কন্যা রুমাইছা (৪) ও রুজা (১), মো. জোনাইদের স্ত্রী হুসনের আরা বেগম (৪০), তার আড়াই বছর বয়সী পুত্র আমির, আব্দুস সবুরের ছেলে কামরুল হুদা (৫২) এবং মিনিট্রাকের হেলপার মো. হাসান (২০)।
আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী মিনিট্রাকটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে কক্সবাজারমুখী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং মিনিট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।