
কে এম নাছির উদ্দিন, সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে বগুড়া–নগরবাড়ি মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।
ফায়ার ফাইটার সাগর আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় হোসেন বগুড়া থেকে মোটরসাইকেলযোগে পাবনার বেড়ায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদলা শহীদ পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. শাহিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে এবং মরদেহ নিহতের ছোট ভাই মো. ইউসুফ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতি ও ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।