
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কন্যার বিয়ের আগের বিদ্যুৎ স্পৃষ্টে এক মায়ের মৃত্যু হয়েছে। একই দিনে গাছের ডাল কাটতে গিয়ে অপর এক জনের মৃত্যু হয়েছে।
বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘুঘুমারি গ্রামের সর্বজনপ্রিয় কৃষক দেবাশীষ সানার স্ত্রী দীপিকা সানা (৩৫) মঙ্গলবার (৩ মার্চ) সকালে গরুর দুধ আহরণের জন্য গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিয়ে বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। নিজের হাতে ঘরদোর গুছিয়েছিলেন দীপিকা, মেয়ের নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন তিনি। কিন্তু নির্মম নিয়তি সেই আনন্দকে রূপ দিল শোকে। মুহূর্তেই বিয়ের বাড়ি হয়ে উঠল শোকের বাড়িতে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ফিরলে পরিবার সৎকার কার্যক্রম সম্পন্ন করবে।
একই দিনে অপর মৃত্যুর ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জে। গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে বিপ্লব ঘোষ (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুল-মধুসূদনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুই সন্তানের জনক নিহত বিপ্লব ঘোষ একই গ্রামের দুলাল ঘোষের মেজো ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পরে মুকুন্দপুর গ্রামের বিক্রিত একটি গাছের ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত প্রক্রিয়া শেষে পারিবারিক সিদ্ধান্তে মরদেহ শ্রীধরকাটি শ্মশানে দাহ করা হয়েছে।
পৃথক ঘটনায় দুজনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।