
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর স্কুল ছাত্র’র করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬’৪০ মিনিটের দিকে ট্রলি চাপায় ঘটনাস্থলেই নিহত হয় ওই কিশোর স্কুল ছাত্র।
নিহত স্কুল ছাত্র কলারোয়া উপজেলার রাজনগর গ্ৰামের রবিউল ইসলামের ছেলে সজীব হোসেন (১৪)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সজীব বাইসাইকেলে করে আগুনপুর থেকে কলারোয়া সদরের বাসায় আসছিল। আলাইপুর খাঁন পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী দ্রুতগতির ট্রলি তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সজীব ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে পিষ্ট হয়। পথচারীরা দ্রুত উদ্ধার করে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছেলের অকালমৃত্যুর খবরে সজীবের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি অবৈধ যানবাহনের বেপরোয়া গতি কেড়ে নিল এক মেধাবী শিক্ষার্থীর জীবন
কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কলারোয়া থানা-পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।