
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
শহরের যান্ত্রিকতা আর সংবাদের অন্তহীন ব্যস্ততাকে ছুটি দিয়ে সাতক্ষীরার সাংবাদিকদের একটি দিন যাপন হলো পরিবার পরিজদের সঙ্গে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত্র পর্যন্ত, সাতক্ষীরার মোজাফফর গার্ডেনের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও সাংবাদিক পরিবারের মিলনমেলা।
সকাল থেকেই জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা সপরিবারে সমবেত হতে থাকেন, মোজাফফর গার্ডেনে। কুয়াশার চাদর সরিয়ে রোদ ঝলমলে সকালে শিশুদের কোলাহল আর কলকাকলিতে মুখর হয়ে ওঠে মোজাফ্ফর গার্ডেন এর এক খন্ড সবুজ চত্বর। পেশাগত সম্পর্কের কঠোর গণ্ডি পেরিয়ে এদিন সবাই যেন মিশে গিয়েছিলেন এক বৃহৎ পরিবারের বন্ধনে।
আয়োজনের শুরুতেই ছিল শিশুদের বাস্কেটে বল নিক্ষেপ প্রতিযোগিতা। এরপর একে একে বড়দের জন্য বাস্কেট বল নিক্ষেপ, নারীদের পিলো পাসিং এবং ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় অংশ নেন অতিথিরা। দুপুরের ভোজে ছিল রসনাবিলাসের আয়োজন, যার পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ পর্বে মিলেছিলেন সাতক্ষীরার সাংস্কৃতির অঙ্গনের একঝাঁক তারকা শিল্পী আবু আফফান রোজ বাবু, চৈতালী মুখার্জী, মনিরুল ইসলামের মতো বরেণ্য শিল্পীরা। সুর ও ছন্দের আবেশ ছড়িয়ে মঞ্চে উঠে আসে আবৃত্তি ও অভিনয়। সুরের তালে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন ছিল নান্দনিক। শিশুদের আবৃত্তি, পাঁচমিশালি আয়োজনে মূখর ছিলো মোজাফ্ফর গার্ডেন এর ভিডিপি ২ নং চত্বর।
বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো ’স্বামী সম্পর্কে স্ত্রীর অভিমত’।
এই পর্বে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে উপস্থিত দর্শকদের বিনোদিত করেন সাংবাদিক পত্নীরা। এ ছাড়া আবৃত্তি, নৃত্য ও গানের মূর্ছনায় পুরো অনুষ্ঠানস্থল এক ভিন্ন মাত্রায় পৌঁছায়। সর্বশেষে রাতে
লটারির ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘটে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত মিলনমেলায় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বিল্লাল হোসেন, শাহিন গোলদার, আকরাম হোসেন, দৈনিক হৃদয় বার্তার সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেনসহ একঝাঁক তরুণ, উদিয়মান
সাংবাদিকদের উপস্থিতি মিলনমেলা উৎসবের আনন্দমাত্রায় নতুন পালক যুক্ত করে।
অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক সাংবাদিক বলেন, “সাংবাদিকতার পেশা মানেই প্রতিনিয়ত চাপের মধ্যে থাকা। বছরের এই একটি দিন পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এমন আয়োজন আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব আর ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”
দিগন্তজোড়া সবুজের মাঝে হাসি, আড্ডা আর স্মৃতিচারণের এই মিলনমেলা সন্ধ্যায় যখন শেষ হয়, তখন সবার চোখেমুখে ছিল একটিই প্রত্যাশা।