
মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান। তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সূচনা। ভাষা শহীদদের আত্মত্যাগের ফলেই আমরা মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার অর্জন করতে পেরেছি এবং পরবর্তীতে স্বাধীনতার চেতনা শক্তিশালী হয়েছে।” তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার এবং সেই চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাঙালি জাতির গৌরব নয়, এটি বিশ্বব্যাপী সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানানোর দিন। ভাষার শুদ্ধ চর্চা, সংরক্ষণ ও বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।”
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।