
আজহারুল ইসলাম সাদী সিনিয়র স্টাফ রিপোর্টার:-
সাতক্ষীরার আশাশুনি থানার পুলিশের অভিযানে ১০ লিটার চোলাই মদ এবং মদ তৈরিতে ব্যবহৃত ৩০ লিটার চিটাগুড় মিশ্রিত পানি, মদ তৈরির পাতিল ও ড্রামসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এএসআই আরিফ, এএসআই ইব্রাহিম ও এসআই ফয়সাল আহমেদ।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়াস্থ মৃত আইজ উদ্দিন খাঁ এর ছেলে বিল্লাল হোসেন খাঁ (৫৫) এবং তার ভাবি তৈয়েবুর খাঁ এর স্ত্রী মোসাঃ রিমা সুলতানা (২৪) এর বসতবাড়ির রান্নাঘর থেকে ১০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে তৈয়েবুর খাঁ (৩০) এবং বিল্লাল হোসেন খাঁ এর স্ত্রী মোসাঃ তছিরন বেগম (৪৫) কৌশলে পালিয়ে গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।