
সোহেল রানা
স্টাফ রিপোর্টার:
নওগাঁয় পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ঘটনা ঘটেছে। এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি জেলা অফিসের সামনে ধারণ করা বলে দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। তবে ঠিক কখন পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে এদিন সকাল ৭টার দিকে দলীয় কার্যালয়ে অবস্থান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে বলে দাবি করা হয়। শফিকুর রহমান মামুন নিজেই তাঁর ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শেয়ার করেছেন। এছাড়া জেলার একাধিক নেতাকর্মীও ভিডিওটি শেয়ার দিয়েছেন।
৩৪ সেকেন্ডের ভিডিওতে সাদা টি–শার্ট পরা শফিকুর রহমান মামুনসহ ৬–৭ জন নেতাকর্মীকে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই” স্লোগান দিতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে— “দীর্ঘ ১৮ মাস পর স্লোগানে স্লোগানে মুখরিত নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা।”
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক। তিনি মুঠোফোনে বলেন, “আজ ভোরের দিকে তারা পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি।”