
মোঃ জাহাঙ্গীর আলম রাজু, সিনিয়র রিপোর্টার:
গাজীপুরে দেশের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব-এর গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ এবং নবগঠিত কমিটির অভিষেক ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের তথ্য অনুযায়ী, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর ৯৮৭৩৬/১২-এর আওতাভুক্ত বাংলাদেশ প্রেসক্লাব দেশব্যাপী প্রায় ৭০০টি কমিটি নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “জনস্বার্থে সাংবাদিকতা এবং সাংবাদিকতার নিরাপত্তায়… জাগো”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধিতে সাংগঠনিক ঐক্যের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক বিসিএস কর্মকর্তা। তিনি সাংবাদিকদের আইনগত সচেতনতা, নৈতিক দায়বদ্ধতা এবং সাংবিধানিক অধিকার সম্পর্কে আলোকপাত করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন গাজী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খন্দকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী।
বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি সমাজের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
এছাড়া, সাংগঠনিক ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক সাংবাদিকতার চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ প্রেসক্লাব দেশব্যাপী সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক বিকাশে কার্যকর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।